সোমবার । এপ্রিল ২০, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত


sharif

নিহত ইফতেখার রিপন শরীফ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রিপন তার বাসা থেকে নাস্তা করার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলেন। আল খোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

কাতারে অবস্থানরত তার দুলাভাই মো. সাইফুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে রিপনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ইফতেখার রিপন শরীফ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়া এলাকার মৃত আবদুল গফুর শরীফের জ্যেষ্ঠ সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে তিনি প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন।

রিপনের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকার্ত মা ও ভাইবোনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পোপাদিয়ার আকাশ-বাতাস। ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন পরিবার।

আইনি প্রক্রিয়া শেষে নিহত রিপনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।