
কুয়েতে গত এক বছরে বিশেষ অভিযানে ৩৯,৪৮৭ প্রবাসী গ্রেফতার। ছবি: সংগৃহীত
কুয়েতে ২০২৫ সালে বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ৩৯,৪৮৭ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটক প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তবে বাংলাদেশের ঠিক কতজন প্রবাসী এই অভিযানে আটক হয়েছেন তা জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে তারা পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে না। আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
কুয়েতের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই অভিযানটি মালিকানা ভিসায় অন্য মালিকের কাজ করা, ফ্রি ভিসার নামে বিভিন্ন স্থানে কাজ করা, আবাসন আইন লঙ্ঘন, মাদক ব্যবসা, পলাতক আসামি, অবৈধ ব্যবসা এবং পতিতাভিত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলার ভিত্তিতে পরিচালিত হয়েছে। অভিযানটি বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের শ্রম আইন ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে এসব প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষা করা যায় এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে ন্যায়পরায়ণতা নিশ্চিত হয়।










































