
ফাইল ছবি
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাব অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। অনুমোদনের জন্য রুটিন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর যৌথভাবে প্রকাশিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রণালয় চাইলে রুটিনে সংশোধন বা পরিবর্তন আনতে পারবে। এরপর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
প্রস্তাবিত রুটিন অনুযায়ী, এসএসসির প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এইচএসসি পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে— সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৮ জুলাইয়ের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষা এগিয়ে আনার ফলে শিক্ষার্থীদের সেশনজট কমবে। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








































