বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
প্রবাস ডেস্ক জাতীয় ১৪ মে ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশির মৃত্যু


lebanon

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) দূতাবাস জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় তাদের আবাসস্থলে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় বুধবার হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাজদ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে একই হামলায় নিখোঁজ থাকা করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।

এর আগে গত সোমবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়। সর্বশেষ দূতাবাসের নিশ্চিতকরণের পর দেশটিতে সংঘাতে নিহত বাংলাদেশির সংখ্যা আরও বেড়েছে।