
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। অন্যদিকে হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৬৯ জন প্রাণ হারিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৫ জনে।
একই সময়ে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় পরিস্থিতি নিয়ে আরও সতর্কতা ও টিকাদান কর্মসূচি জোরদারের প্রয়োজন রয়েছে।













































