
ফাইল ফটো
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (১৪ মে) ভোরে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭২টি, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করার পর থেকে এ পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। আগামী ২১ মে পর্যন্ত দেশটিতে যাওয়ার ফ্লাইট কার্যক্রম চলবে।
এদিকে, হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (১২ মে) মদিনায় মারা গেছেন গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) নামে এক নারী হজযাত্রী। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছিলেন। এখন পর্যন্ত মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।







































