
ফাইল ছবি
জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলে এই ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের তলদেশের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। মিয়াগি প্রিফেকচারের ওসাকি, তোমে ও ইশিনোমাকি শহরে কম্পনটি সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে। এর আগে গত এপ্রিল মাসেও এই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়। জেএমএ সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও এই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত মিয়াগি ও ফুকুশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে বলে নিশ্চিত করেছে পরিচালনাকারী কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পরপরই নিরাপত্তার স্বার্থে টোকিও থেকে আওমোরি প্রিফেকচারগামী দ্রুতগতির ‘শিনকানসেন’ বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পরীক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালের ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো দেশটির মানুষকে তাড়া করে বেড়ায়, যে দুর্যোগে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।







































