
‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে Japan national football team জাপান। তবে বড় ধাক্কা হিসেবে দলে জায়গা হয়নি তারকা উইঙ্গার কাওরু মিতোমা এবং অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনো’র।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিতোমা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে পাওয়া সেই চোটের পর জাপানের মেডিকেল টিম জানায়, বিশ্বকাপ শুরুর আগেই তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।
টোকিওতে দল ঘোষণার সময় জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, মিতোমার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হলেও পরিস্থিতি বিবেচনায় বিকল্প পরিকল্পনা সাজাতে হয়েছে।
এদিকে হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মিনামিনোও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পাননি। গত ডিসেম্বরে চোটে পড়ার পর আর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেননি তিনি।
তবে দলে ফিরেছেন ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু। ইনজুরির কারণে প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা এই তারকা সর্বশেষ ২০২৪ সালের জুনে সিরিয়ার বিপক্ষে খেলেছিলেন।
অভিজ্ঞতার ওপর ভরসা রেখে দলে রাখা হয়েছে মিডফিল্ডার ওয়াতারু এন্দো এবং ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ইউতো নাগাতোমোকে। নাগাতোমোর জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।
এ ছাড়া আক্রমণভাগে জায়গা পেয়েছেন তাকেফুসা কুবো, দাইচি কামাদা, দাইজেন মায়েদা ও রিতসু দোয়ানদের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের আসর। ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া।
১৪ জুন টেক্সাসের আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। এটি হবে তাদের অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ। তবে গত দুই আসরেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল জাপানকে—২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে থেমে যায় তাদের যাত্রা।











































