মঙ্গলবার । মে ১২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১২ মে ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
শেয়ার

এক মাস দূরে বিশ্বকাপ, জেনে নিন আলোচিত ৫ বিষয়


Football

মাঠের খেলার আগেই নানা কারণে আলোচনায় এসেছে এবারের বিশ্বকাপ

আর মাত্র এক মাস পরই শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব- ফুটবল বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় এই আসরের। তবে মাঠের খেলার আগেই নানা কারণে আলোচনায় এসেছে এবারের বিশ্বকাপ।

টিকিটের আকাশছোঁয়া দাম, নিরাপত্তা উদ্বেগ, রাজনৈতিক টানাপোড়েন, নতুন দলের অভিষেক এবং তারকাদের ইনজুরি— সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পাশাপাশি বাড়ছে নানা বিতর্কও।

টিকিটের আকাশ ছোঁয়া দাম
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে টিকিটের দাম। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে সাধারণ টিকিটের মূল্যই এক হাজার ডলারের বেশি। অন্যদিকে ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৩৩ হাজার ডলারে।

এমনকি পুনরায় বিক্রির বাজারে কিছু টিকিট লাখ লাখ ডলারে বিক্রির জন্য তোলা হয়েছে। এক ব্যক্তি ফাইনালের একটি টিকিট ১ কোটি ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।

এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। যদিও সংস্থাটি বলছে, প্রতিটি ম্যাচের জন্য ৬০ ডলার মূল্যের টিকিটও বরাদ্দ ছিল এবং ফুটবল উন্নয়নেই আয়ের অর্থ ব্যয় করা হয়।

তবে টিকিটের পাশাপাশি বিমানভাড়া, হোটেল ও যাতায়াত ব্যয় যুক্ত হওয়ায় সাধারণ সমর্থকদের জন্য এবারের বিশ্বকাপ অনেকটাই নাগালের বাইরে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
বিশ্বকাপের আগে আরেকটি বড় আলোচনার বিষয় ছিল ইরানের অংশগ্রহণ। যুদ্ধ পরিস্থিতির কারণে একসময় শঙ্কা তৈরি হয়েছিল, দলটি আদৌ যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে পারবে কি না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর ইরান চেয়েছিল তাদের ম্যাচগুলো যেন যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজন করা হয়। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে। দলটি গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, মিশর ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক সমর্থক বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত বদলেছেন।

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় কয়েকটি দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। যদিও খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য আলাদা অনুমতি থাকবে।

অন্যদিকে মেক্সিকোয় মাদকচক্র সংশ্লিষ্ট সহিংসতা ও বিক্ষোভের কারণে কিছু ভেন্যু নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুয়াদালাহারা শহরকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কা বেশি দেখা দিয়েছে।

প্রথমবার বিশ্বকাপে চার দেশ
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও এবং উজবেকিস্তান। ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় নতুন দেশগুলোর সুযোগ তৈরি হয়েছে।

জর্ডান একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। ফলে লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে দলটি।

উজবেকিস্তান খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। দলটির কোচ ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও কানাভারো।

অন্যদিকে ছোট দ্বীপ রাষ্ট্র কুরাসাও ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

নজরে মেসি-রোনালদো, শঙ্কায় ইয়ামাল
বিশ্বকাপে নজর থাকবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। দুই কিংবদন্তির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।

তবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে রয়েছে শঙ্কা। বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। যদিও বিশ্বকাপের আগেই সুস্থ হওয়ার আশা করা হচ্ছে।

ইতোমধ্যে ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করছেন নেদারল্যান্ডসের জাভি সিমন্স, ফ্রান্সের হুগো একিতিকে এবং যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার প্যাট্রিক আগিয়েমাংয়ের মতো কয়েকজন খেলোয়াড়।

সবকিছু মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এখন অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার।