
ফাইল ছবি
ঘরের মাঠে আগের ম্যাচের পরাজয়ের ক্ষত ভুলে লিগ টেবিলের শীর্ষস্থান সংহত করল ইন্টার মিয়ামি। লিওনেল মেসির রেকর্ডগড়া রাতে টরন্টো এফসি-কে ৪-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা। গোল এবং অ্যাসিস্টের পসরা সাজিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এদিন নতুন এক ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচজুড়েই অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি। আক্রমণের সূচনালগ্ন থেকেই টরন্টো রক্ষণভাগকে তটস্থ করে রাখেন তিনি। ম্যাচের এক পর্যায়ে মেসির দুর্দান্ত এক পাস থেকে গোল করেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। গোলটি দেখে গ্যালারিতে থাকা দর্শকদের মনে পড়ে যাচ্ছিল বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর কথা।
কেবল সুয়ারেজই নন, মেসির নিখুঁত থ্রু বল থেকে গোল উৎসবে মাতেন সার্জিও রেগুইলন। এটি এমএলএস-এর ক্যারিয়ারে রেগুইলনের প্রথম গোল। দুই সতীর্থকে দিয়ে গোল করানোর পর ম্যাচের শেষ দিকে নিজেই জালের দেখা পান মেসি। মিয়ামির হয়ে এদিন অন্য গোলটি করেন প্রতিভাবান তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। এতে করে ইন্টার মিয়ামির ৪-২ গোলের বড় জয় নিশ্চিত হয়।
এই ম্যাচে দুই অ্যাসিস্ট ও এক গোল করে এমএলএস ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। লিগের ইতিহাসে গোল ও অ্যাসিস্টে সবচেয়ে দ্রুততম সময়ে বড় মাইলফলক স্পর্শ করার কীর্তি এখন তাঁর দখলে। চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ৯ এবং অ্যাসিস্ট ৩টি। এর মাধ্যমে ফুটবল ক্যারিয়ারে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯০৭-এ।










































