শনিবার । মে ৯, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৮ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার

সৌদি লিগে গোলের সেঞ্চুরি রোনালদোর, শিরোপার দুয়ারে আল নাসর


Cristiano-Ronaldo

ছবি: সংগৃহীত

জাদুকরী পারফরম্যান্সে আরও একটি মাইলফলক নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে নিজের শততম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদোর ঐতিহাসিক গোলের রাতে সতীর্থ জোয়াও ফেলিক্সের অনবদ্য হ্যাটট্রিকে আল শাবাবকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ে লিগ শিরোপা জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রোনালদোর দল।

কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জাল কাঁপান রোনালদো। আর এই গোলের মাধ্যমেই সৌদি প্রো লিগে নিজের গোলের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেন তিনি। মাত্র ১০৫ ম্যাচ খেলে এই অভাবনীয় মাইলফলকে পৌঁছালেন সিআর সেভেন। চলতি মৌসুমে এটি তাঁর ২৬তম গোল এবং ক্যারিয়ারের মোট ৯৭১তম গোল। হাজারতম গোলের বিশ্বরেকর্ড গড়তে ফুটবল কিংবদন্তির প্রয়োজন আর মাত্র ২৯টি গোল।
ফেলিক্সের হ্যাটট্রিক ও আধিপত্য

রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন তাঁর সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে লিড এনে দেন তিনি। যদিও প্রথমার্ধের শেষ দিকে কারাসকো এক গোল শোধ করে আল শাবাবকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে দ্বিতীয় অর্ধে রোনালদোর গোলের পর ইনজুরি টাইমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন ফেলিক্স।
শিরোপার ঘ্রাণ পাচ্ছে আল নাসর

এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে তারা এখন ৫ পয়েন্টে এগিয়ে। আগামী মঙ্গলবার আল হিলালের বিপক্ষে পরবর্তী ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো সৌদি প্রো লিগ শিরোপা জয়ের স্বাদ পাবেন রোনালদো। তখন আর কোনো সমীকরণই আল নাসরকে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকাতে পারবে না।