শনিবার । মে ৯, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন থালাপতি বিজয়


Vijoy

থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথে এগিয়েছে নবাগত রাজনৈতিক দল টিভিকে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর সরকার গঠনের দাবি নিয়ে চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে বৈঠকে করেছেন দলটির প্রধান অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যপাল কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়।

নির্বাচনে ১০৭ থেকে ১২০টি আসন অর্জনের পর নানা রাজনৈতিক টানাপোড়েন ও জোট-সমীকরণের পাঁচ দিন শেষে সরকার গঠনের পথে এগোলো টিভিকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

গত চার দিনের মধ্যে এটি রাজ্যপাল আরলেকারের সঙ্গে বিজয়ের চতুর্থ বৈঠক। রাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কেরালা সফরের নির্ধারিত ফ্লাইটও বাতিল করেছেন রাজ্যপাল।

এদিকে সরকার গঠনের এই নাটকীয় প্রেক্ষাপটে তামিলনাড়ুর পুরোনো রাজনৈতিক দল এআইএডিএমকের ভেতরে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগামের নেতৃত্বে একাংশ বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন বলে আলোচনা চলছে।

জানা গেছে, ৩০ জনের বেশি এআইএডিএমকে বিধায়ক শানমুগামের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাঁদের কয়েকজন টিভিকেকে সমর্থন দেওয়ার পক্ষেও আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (৯ মে) পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফেরার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এসপি ভেলুমণি, এমআর বিজয়ভাস্কর, নাথম বিশ্বনাথন ও সি বিজয়ভাস্করসহ দলটির একাধিক প্রবীণ নেতা।