শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক


nuru

নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি জানান, অদক্ষ কর্মী পাঠানোর চিরাচরিত প্রথা ভেঙে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল গড়ে তোলাকেই সরকার এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার (৯ মে) বিকেলে চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি ও প্রশিক্ষণ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমরা আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি দক্ষ জনবল তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। বর্তমানে সারাদেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অদক্ষ শ্রমিকরা অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পারিশ্রমিক ও সুবিধা পান না। দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর থাকা আর্থিক চাপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই খরচ কমিয়ে আনা সম্ভব হলে দেশের প্রান্তিক মানুষ খুব সহজেই এবং কম খরচে বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।