
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ নেন বিজয়
তামিলনাড়ুতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শাসনামল। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের উপস্থিতিতে শপথ নেওয়ার পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনায় সই করেছেন তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রতিষ্ঠাতা বিজয়।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী বিজয় গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং রাজ্যজুড়ে মাদকবিরোধী ইউনিট প্রতিষ্ঠাসহ একাধিক নথিতে স্বাক্ষর করেন।
এগুলো ছিল টিভিকের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি। দিল্লি, পাঞ্জাব ও বিহারসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু রয়েছে।
নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণও টিভিকে সরকারের অগ্রাধিকার তালিকায় ছিল। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করে দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন বিজয়।
শপথের পর জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক নতুন যুগের সূচনা হয়েছে।’
তিনি স্পষ্টভাবে জানান, সরকারে তার বাইরে অন্য কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না এবং তিনিই হবেন একমাত্র ক্ষমতার কেন্দ্র। সরকার গঠনে সমর্থন দেওয়ার জন্য তিনি কংগ্রেস, ভিসিকে, আইইউএমএল এবং বাম দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষভাবে শিশুদের ধন্যবাদ জানিয়ে বিজয় বলেন, তাদের কারণেই টিভিকে জয় পেয়েছে, কারণ শিশুরাই নিজেদের পরিবারকে তার দলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে।
গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফলাফলে ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসন পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা ছিল ১১৮।
প্রথম বড় সমর্থন আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। দলটি পাঁচজন বিধায়কের সমর্থন দেয়, তবে শর্ত ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে জোটের বাইরে রাখতে হবে।
এরপর ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং সিপিআই (মার্কসবাদী) দুইটি করে আসন নিয়ে টিভিকেকে সমর্থন দেয়। দলগুলো জানায়, রাষ্ট্রপতির শাসন এবং ‘পেছনের দরজা দিয়ে’ বিজেপির তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ ঠেকাতেই তারা টিভিকের পাশে দাঁড়িয়েছে।
শনিবার ভিসিকে ও আইইউএমএল আনুষ্ঠানিকভাবে সমর্থনপত্র জমা দিলে বিজয়ের সমর্থন সংখ্যা দাঁড়ায় ১২০-এ, যা সংখ্যাগরিষ্ঠতার সীমার চেয়ে দুই বেশি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































