রবিবার । মে ১০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১০ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার

হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে নিরাপত্তা


Delhi Police

আইনশৃঙ্খলার দিক থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা ও বসতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে

হামলার সতর্কতায় ভারতের রাজধানী দিল্লিজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পরিস্থিতি মোকাবিলায় দিল্লি পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা শহরের একাধিক স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহজনক গতিবিধি, পরিত্যক্ত বস্তু এবং সংবেদনশীল এলাকায় দাঁড় করিয়ে রাখা যানবাহনের উপর কড়া নজর রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন তথ্য এসেছে যে, মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি দফতর ও জনবহুল এলাকাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা, গাড়িবোমা (আইইডি), গুলিবর্ষণ কিংবা সমন্বিত হামলার চেষ্টা হতে পারে।

নিরাপত্তা জোরদার করা হয়েছে শাসক দল বিজেপি’র সদর দফতরের আশপাশেও। দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত দলীয় কার্যালয় ও সংলগ্ন সরকারি ভবনগুলোর সামনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে ব্যারিকেড এবং চালানো হচ্ছে কড়া যানবাহন তল্লাশি।

শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক কার্যালয়, বাজার, পরিবহন কেন্দ্র এবং জনবহুল এলাকাগুলোতে চলছে অ্যান্টি-সাবোটাজ তল্লাশি।

এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দল, স্নিফার ডগ ইউনিট, কুইক রিঅ্যাকশন টিম এবং ফায়ার সার্ভিসকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আইনশৃঙ্খলার দিক থেকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত বিভিন্ন এলাকা ও বসতিতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ বিভিন্ন জায়গায় হঠাৎ তল্লাশি ও পরিচয় যাচাই অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর রেড ফোর্টের কাছে একটি গাড়ির ভেতর বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। ২০১১ সালের পর সেটিই ছিল রাজধানীতে প্রথম বড় হামলার ঘটনা।