
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে এবারের পুলিশ সপ্তাহে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী কৃতিত্বপূর্ণ কাজের জন্য সদস্যদের ‘বিপিএম’ ও ‘পিপিএম’ পদক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত কর্মকর্তাদের নাম থাকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।
জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও পদক পেয়েছিলেন, যার মধ্যে এক কর্মকর্তা দুইবার পদক পাওয়ার তথ্য রয়েছে। এমন বিতর্কের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক প্রদান কর্মসূচিটি হচ্ছে না; এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ব্যয়সংকোচন নীতির অংশ হিসেবে এবারের আয়োজনে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে। আগে এই উৎসব সাত দিনব্যাপী চললেও এবার তা কমিয়ে চার দিনে আনা হয়েছে। এছাড়া অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও গত বছরের তুলনায় সীমিত।
আয়োজন সীমিত হলেও ৪ দিনব্যাপী এই পুলিশ সপ্তাহে বাহিনীর সদস্যরা তাঁদের পেশাগত উন্নয়ন এবং মাঠ পর্যায়ের কিছু মৌলিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হওয়া এই আসর আগামী ১৩ মে শেষ হবে।








































