
সংগৃহীত ছবি
পুলিশ সপ্তাহে এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হলেও শেষ মুহূর্তে তা আটকে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদকের তালিকায় বিতর্কিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় সরকার বিষয়টি পুনরায় যাচাই–বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। নীতিনির্ধারণী মহলের নজরে আসার পর পদক প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি। ফলে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপনও প্রকাশ হয়নি।
পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানিয়েছেন, রোববার পদক দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। গভীর যাচাইয়ের পর বর্তমান তালিকা থেকে কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন নামও যুক্ত হতে পারে।
অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি বিদেশ সফরে থাকায় জিও জারি সম্ভব হয়নি। পাশাপাশি আরও কিছু যাচাই–বাছাই শেষে পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পর পদক প্রদান স্থগিত হওয়ার ঘটনা নজিরবিহীন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাধারণত সাহসিকতা, কর্মদক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। তবে এবার তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠে, রাজনৈতিক বিবেচনা ও তদবিরের মাধ্যমে অনেককে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অনেক পুলিশ সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।









































