
হিমন্ত বিশ্ব শর্মা
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় লাভের পর মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।
গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গরসহ আরও অনেকে।
আসামের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য ৫৭ বছর বয়সী হিমন্ত বিশ্ব শর্মাকে শপথবাক্য পাঠ করান। তিনি আসামের ইতিহাসে প্রথম কংগ্রেসের বাইরের নেতা হিসেবে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। যদিও শর্মা একসময় কংগ্রেসেই ছিলেন।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি মঙ্গলবার আরও চারজন নেতা মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন— রমেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোড়ো এবং অজন্তা নেওগ। শপথগ্রহণের আগের দিন এক বার্তায় হিমন্ত বিশ্ব শর্মা তাদের নাম ঘোষণা করেছিলেন।
এদিকে, বিজেপির জ্যেষ্ঠ নেতা ও বিধায়ক রঞ্জিত দাসকে আসাম বিধানসভার স্পিকার পদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসামে সরকার গঠন করলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর আগে ২০১৬ সালে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে প্রথমবার সরকার গঠন করেছিল জোটটি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল








































