সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন


Sports and Youth Ministry

গত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অনুরোধ গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

পরে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছিলেন, নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল।