
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বর্তমানে কারিনা লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স এবং ভারতের চেন্নাইয়ে চিকিৎসার বিশাল ব্যয় বহন করা বর্তমানে পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় কায়সার হামিদ তার মেয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
কারিনা কায়সারের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার বাবা আরও জানান যে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। তবে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে কারিনার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরের কারণে কারিনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরে সংক্রমণও ছিল। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও পরে তার হেপাটাইটিস এ শনাক্ত হয়।
কয়েক দিন আগে থেকেই কারিনার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করা হলেও দ্রুত শারীরিক জটিলতা বাড়তে থাকে। একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও নিজের পরিচিতি গড়ে তোলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’।











































