শনিবার । মে ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ মে ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক


toss-tanzid

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকার মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে স্বাগতিকদের সামনে এখন ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি।

তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য গেছে পাকিস্তানের পক্ষে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টস জিতে যথারীতি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, ফলে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামছে।

এই ম্যাচের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। চোটের কারণে ছিটকে যাওয়া সাদমান ইসলাম অনিকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তিনি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি থাকছেন ওপেনিংয়ে।

এছাড়া পেস আক্রমণে এসেছে পরিবর্তন; ইবাদত হোসেন চৌধুরীর বদলে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। স্পিনার নাঈম হাসানের সুযোগ হয়নি এই ম্যাচেও, আর অভিষেকের অপেক্ষা আরও বেড়েছে ঘরোয়া ক্রিকেটে রান তোলা অমিত হাসানের।

সিরিজে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান দল তাদের একাদশে বড়সড় অস্ত্রোপচার করেছে। অফফর্মে থাকা ও কৌশলগত কারণে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, স্পিনার নোমান আলি এবং তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম, স্পিনার সাজিদ খান ও পেসার খুররম শেহজাদ।

আজ ভোরে সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যাচ হওয়া নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। তবে সকাল হতেই মেঘ কেটে রোদ উঁকি দিয়েছে সিলেটের আকাশে। আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করে প্রস্তুত করেছেন কিউরেটররা। দুই দলের ক্রিকেটাররাই ইতিমধ্যে মাঠে ওয়ার্ম-আপ শেষ করেছেন এবং আবহাওয়া অনুকূলে থাকলে ঠিক সময়েই বল মাঠে গড়াবে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।