
শুরু হয়েছে পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্রের অভিনয়শিল্পীর অডিশন প্রক্রিয়া
‘নামটা বন্ড, জেমস বন্ড’—বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এই সংলাপটি এবার কার কণ্ঠে শোনা যাবে? দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্রের অভিনয়শিল্পী বাছাই বা অডিশন প্রক্রিয়া। গত বৃহস্পতিবার (১৪ মে) সিনেমার প্রযোজনা সংস্থা ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে ড্যানিয়েল ক্রেইগ বিদায় নেওয়ার পর থেকেই শূন্য ছিল জেমস বন্ডের সিংহাসন। স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বন্ডের সন্ধান প্রক্রিয়া শুরু হলেও অডিশন চলাকালীন কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে। সঠিক সময়েই আনুষ্ঠানিকভাবে নতুন অভিনেতার নাম ভক্তদের সামনে প্রকাশ করা হবে।
নতুন জেমস বন্ড হিসেবে দীর্ঘদিন ধরেই কিলিয়ান মারফি, হেনরি ক্যাভিল ও ইদ্রিস এলবার মতো বড় তারকাদের নাম আলোচনায় রয়েছে। এছাড়া ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন এবং হ্যারিস ডিকিনসনের মতো ব্রিটিশ তারকাদের নামও বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। এমনকি বন্ড চরিত্রে কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে, এমন গুঞ্জনও চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায়।
অভিনেতা চূড়ান্ত না হলেও সিনেমার পেছনের কারিগরদের নাম প্রকাশ করে বড় চমক দিয়েছে স্টুডিও। নতুন এই জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন ‘ডুন’ ও ‘ব্লেড রানার ২০৪৯’ খ্যাত অস্কার মনোনীত বিশ্বখ্যাত পরিচালক ডেনিস ভিলেনিউভ। আর সিনেমার চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত জনপ্রিয় লেখক স্টিভেন নাইট।





































