
পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়া স্পর্শ করে ইতিহাস গড়েছেন পর্বতারেোহী বাবর আলী
প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়া স্পর্শ করে এক অনন্য ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই পর্বতের চূড়ায় আরোহণ করেন তিনি।
এর মধ্য দিয়ে বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন এই দুঃসাহসী বাংলাদেশি। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে সংবাদমাধ্যমকে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান। চূড়ায় ওঠার সময় বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।
‘মহা-কালো’ খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত ১৮ এপ্রিল তিনি পর্বতের উচ্চতর বেসক্যাম্পে পৌঁছান। সেখানে উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেওয়ার কয়েক ধাপের প্রস্তুতি শেষে অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করেন তিনি।
আবহাওয়ার উন্নতি হলে গত মঙ্গলবার তিনি সরাসরি ক্যাম্প-২ এ উঠে যান এবং পরদিন বুধবার ক্যাম্প-৩ এ পৌঁছান। সেখানে বিকেল কাটিয়ে মধ্যরাতে শুরু হয় চূড়ান্ত আরোহণ। একটানা ১ হাজার ১০০ মিটারের বেশি ভয়ংকর চড়াই পার হয়ে শনিবার ভোরে মাকালুর শিখরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান বাবর। সবকিছু ঠিক থাকলে রোববার নাগাদ তিনি পুনরায় বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড় জয় শুরু করা বাবর আলী পেশায় একজন চিকিৎসক হলেও পর্বতারোহণের নেশায় নিজেকে সঁপে দিয়েছেন গত এক যুগ ধরে। ২০১৭ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার পর তিনি একে একে জয় করেছেন হিমালয়ের বেশ কিছু দুর্গম চূড়া।
এর আগে ২০২৪ সালে একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। এরপর ২০২৫ সালে অন্নপূর্ণা-১ এবং কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু জয় করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
এবার মাকালু জয়ের মাধ্যমে বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বত শিখর ছোঁয়ার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই গর্বিত বাংলাদেশি। এই অভিযানে বাবরকে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেডসহ বেশ কিছু দেশীয় প্রতিষ্ঠান।










































