শুক্রবার । মে ১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

লিমনের পর এবার বৃষ্টির মরদেহ উদ্ধার


bristi

নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এর আগে একই এলাকা থেকে অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি কমিউনিটিসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট নিহত বৃষ্টির ভাইকে টেলিফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে নিহতের পরিবারকে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর অনুরোধ জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে, জামিল লিমনের মরদেহ আগামীকাল শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের উদ্দেশ্যে পাঠানো হবে। বিমানটি দুবাই হয়ে আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের নিচ থেকে প্রথমে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে একই স্থান থেকে মানুষের শরীরের কিছু বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে পুলিশ, যা পরবর্তীতে নাহিদা বৃষ্টির বলে শনাক্ত করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবুঘরবের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ বা সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন আবেদন সরাসরি বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।