
ছবি: সংগৃহীত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় এক ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ জন সেনা নিহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনী এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (১ মে) প্রদেশটির একটি কৃষি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহতের পাশাপাশি আরও ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সামরিক সূত্র জানিয়েছে, জানজান প্রদেশের প্রায় ১,২০০ হেক্টর কৃষিজমি শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার কারণে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিল। আইআরজিসির বিস্ফোরক বিশেষজ্ঞরা দীর্ঘ সময় ধরে ওই এলাকাটি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করতে গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে আসছিলেন।
এই অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বিস্ফোরক সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবারের অভিযানে আকস্মিক এক বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ইরান অতীতে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে। উল্লেখ্য, ক্লাস্টার বোমা আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যার অনেকগুলোই তাৎক্ষণিক বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। এই অবিস্ফোরিত অংশগুলো দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য মরণফাঁদ হয়ে থাকে।
দুর্ভাগ্যজনক বিষয় হলো, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র—এই তিন দেশের কেউই এখন পর্যন্ত ২০০৮ সালের ‘ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত কনভেনশন (সিসিএম)’-এ স্বাক্ষর করেনি। এই আন্তর্জাতিক চুক্তিটি ক্লাস্টার বোমার ব্যবহার, উৎপাদন, মজুত ও স্থানান্তর নিষিদ্ধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল।










































