
মাহমুদা আলম মিতু। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের তথ্য উন্মুক্ত করায় তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শুক্রবার (১ মে) ফেসবুক পোস্টে মিতু জানান, প্রকাশিত ঠিকানা দেখে এক ব্যক্তি সরাসরি তার বাসার সামনে গিয়ে যোগাযোগ করেন, যা তাকে বিস্মিত ও আতঙ্কিত করেছে। তিনি উল্লেখ করেন, মনোনয়ন নেওয়ার সময়ও বিষয়টি নিয়ে আপত্তি তুললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল এটি নির্ধারিত ফরম্যাটের অংশ।
মিতুর ভাষ্য অনুযায়ী, বাসায় তার সন্তান ও মা থাকেন এবং তিনি নিজেও অনিয়মিত সময় বাসায় ফেরেন। এমন পরিস্থিতিতে ঠিকানা প্রকাশ তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এর আগে অন্তত ২০-২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকিও পেয়েছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি রাতে বাসায় ফেরার সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার মতে, দেশে যেখানে সামান্য টাকার বিনিময়ে হত্যার ঘটনা ঘটে, সেখানে ব্যক্তিগত তথ্য প্রকাশকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।










































