বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার

হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান, সুস্থতা কামনায় দোয়া মাহফিল


amardesh-editor

ছবি: সংগৃহীত

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মাহমুদুর রহমানের আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর আমার দেশ পত্রিকা কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাতে তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

চিকিৎসকদের পরামর্শে প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমানের নেতৃত্বে সফলভাবে মাহমুদুর রহমানের অপারেশন সম্পন্ন হয়। সকাল ১০টায় অপারেশনের পর তাঁর জ্ঞান ফিরে আসে এবং দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১ মে) তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে এ সময় মাহমুদুর রহমানের সহধর্মিণী ও আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।