
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
জাতীয় সংসদে সংবিধান নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান দেশের অস্তিত্ব, আমাদের আবেগ ও মুক্তিযুদ্ধের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি বলেন, বহুবার সংশোধনের ফলে সংবিধান ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনো জাতির মূল ভিত্তি।
বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘পরিবর্তনের প্রতীক’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও কৃষি উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির কথাও তুলে ধরেন।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন।
লন্ডনে অনুষ্ঠিত একটি বৈঠকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ওই বৈঠকের ফলেই দেশে সংসদীয় কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে এবং নির্বাচনের রূপরেখা নির্ধারিত হয়েছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক বক্তব্য গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ বলা হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও সতর্ক করেন তিনি।



































