বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন


jatia-sangsad

ফাইল ছবি

দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির আদেশ পাঠ করে ২৫ কার্যদিবসের এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী ভাষণে স্পিকার জানান, এই অধিবেশনে রেকর্ড ৯৪টি বিল পাস হয়েছে এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। সংসদীয় কার্যক্রমের জন্য পাঁচটি স্থায়ী ও দুটি বিশেষ কমিটিসহ মোট সাতটি কমিটি গঠন করা হয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় ৪০ ঘণ্টা আলোচনা হয়, যেখানে ২২০ জন নতুন সদস্যসহ মোট ২৮০ জন সংসদ সদস্য অংশ নেন।

অধিবেশনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, “সরকারি ও বিরোধী দলের মধ্যে যে সহমর্মিতা ও সহযোগিতা এই অধিবেশনে দেখা গেছে, তা অতীতে বিরল। সদস্যদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ আমাকে মুগ্ধ করেছে।” তিনি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অধিবেশনে উত্থাপিত ৯৩টি প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী ৩৫টির সরাসরি উত্তর দিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৫০৯টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৭৮টির উত্তর সংসদে দেওয়া হয়েছে। ৭১ বিধিতে আসা ১১৯৮টি নোটিশের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নোটিশের ওপর আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘সবার আগে বাংলাদেশ’ নীতি এবং ‘মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনায় করবো কাজ গড়বো দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার গুরুত্বারোপ করেন। সরকারের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ফ্যাসিস্ট আমলের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অঙ্গীকার বলে তিনি পুনর্ব্যক্ত করেন।