
ফাইল ছবি
দেশের বাজারে একদিনের ব্যবধানে দুই দফায় সোনার দাম পরিবর্তন করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দাম কমানোর ঘোষণা দিলেও সন্ধ্যার পর পুনরায় তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর করা হয়েছে। এর আগে এদিন সকালেই ভরি প্রতি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, সকালে যে পরিমাণ দাম কমানো হয়েছিল, সন্ধ্যায় ঠিক সেই পরিমাণ দামই আবার বাড়ানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
সোনার দামে এমন নাটকীয় পরিবর্তন এলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।





































