বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

মে মাস পর্যন্ত অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম


Fuel Oil

ফাইল ছবি

মে মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বিদ্যমান খুচরা মূল্যই বহাল থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ১৮ এপ্রিল নির্ধারিত মূল্যই অপরিবর্তিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ বিবেচনায় নিয়ে এই মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তা আপাতত ১ মে পর্যন্ত বলবৎ থাকবে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে জ্বালানি তেলের দামে সমন্বয় আনা হতে পারে।