বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ কুইচি


octen

মালয়েশিয়া থেকে আসা ২৬ হাজার টন অকটেনের নতুন একটি চালান খালাস

চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে আসা ২৬ হাজার টন অকটেনের নতুন একটি চালান খালাস শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাসের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের এটি তৃতীয় বড় চালান। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল।

হিসাব অনুযায়ী, দেশে দৈনিক অকটেনের গড় চাহিদা প্রায় ১২০০ টন। সেই হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে আগামী দুই মাসেরও বেশি সময় চাহিদা মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এর বাইরে বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। তবে বন্দরে ডলফিন জেটির সংখ্যা মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি ও প্রতিকূলতা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।