বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা


Storm

ফাইল ছবি

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

গত ২৮ এপ্রিল থেকে সৃষ্ট বজ্রমেঘের প্রবণতা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশের আটটি বিভাগেরই কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। প্রবল বৃষ্টির কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থান এবং বাকি ছয়টি বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৭ শতাংশ, যা বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ নির্দেশ করছে।