বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

জামালপুর ও রাজবাড়ী‌তে বজ্রপাতে ২ জনের মৃত্যু


thunder

ফাইল ছবি

বজ্রপাতে জামালপুরের ইসলামপুর উপজেলার শামীম মিয়া ও রাজবাড়ী‌তে সুমন আহ‌ম্মেদ নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া নিহত হন।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে যান শামীম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী‌তে বাজার যাওয়ার পথে আকস্মিক বজ্রপা‌তে সুমন আহ‌ম্মেদের মৃত‌্যু হ‌য়। এ সময় তার কোল থেকে ছিট‌কে প‌ড়ে সামান‌্য আহত হ‌লেও প্রা‌ণে বেঁচে আছে তার সা‌ড়ে ৩ বছর বয়সী মে‌য়ে সা‌ফিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিওতে চাকরি করতেন সুমন মন্ডল। তবে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে তিনি সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু বাজার আনতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।