
ফাইল ছবি
দেশের চার জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ছয় কৃষকসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। ধনু নদে মাছ ধরতে গিয়ে মারা গেছেন ঈশ্বরগঞ্জের আব্দুল মোতালিব (৫৫)। এছাড়া সাতগাঁও গ্রামে ধান শুকাতে গিয়ে মোনায়েম খাঁ পালান এবং ছায়ার হাওরে ধান কাটার সময় সিরাজগঞ্জের মো. শুভ মণ্ডল নিহত হন। খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সদর উপজেলার জমির হোসেন (৪২), জমির উদ্দিন (৪৬) এবং জামালগঞ্জের আবু সালেহ (২২)। এ ঘটনায় আরও ৩ জন কৃষক আহত হয়েছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নবীগঞ্জের গড়দার হাওরে ধান কাটার সময় মকছুদ আলী (৪০) এবং বানিয়াচংয়ে ধান আনতে গিয়ে আব্দুস সালাম (৩৫) মারা যান। অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ায় চায়ের দোকানদার ও কৃষক আরাফাত হোসেন (২২) দুপুরের দিকে বাদাম শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।
সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বজ্রপাতে নিহতের বিষয়গুলো নিশ্চিত করেছেন। অনেক জায়গায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দরিদ্র পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই অস্থির পরিস্থিতিতে হাওর ও উন্মুক্ত স্থানে কাজ করার সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।







































