
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীর মোহাম্মদ শক্কুরের বাড়ির পাশে একটি গোপন আস্তানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে রোহিঙ্গাদের জড়ো করা হচ্ছিল এমন তথ্য পায় বিজিবি। পরে অভিযান চালিয়ে ঘরটি ঘিরে ফেললে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজন পাচারকারীকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।

অভিযানে ওই আস্তানা থেকে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি অটোরিকশা ও দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
পরে বিকেলে টেকনাফ সদর নাজিরপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ১১ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি, যাদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়ায় ৬৯ জনে।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে যাদের আইডি কার্ড রয়েছে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে। যাদের আইডি কার্ড নেই, তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।







































