
সংগৃহীত ছবি
১৮৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ঝড়ে সব হিসাব বদলে যায়।
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
এই জয়ে নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি এটি। এর আগে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫।

এক সময় শেষ ৩০ বলে বাংলাদেশের দরকার ছিল ৪৮ রান। তখন ম্যাচ হেলে ছিল নিউজিল্যান্ডের দিকে। সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন হৃদয় ও শামীম। ১৬তম ওভারে শামীমের দৃষ্টিনন্দন ‘নো লুক’ ছক্কায় ম্যাচের মোড় ঘুরে যায়। ওই ওভারে আসে ১৮ রান।
পরের ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠেন শামীম। তিন চার ও এক ছক্কায় এক ওভার থেকেই তোলেন ২৫ রান। তিনি মাত্র ১৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে হৃদয় ২৭ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ২ চার ও ৩ ছক্কা। ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
শুরুর দিকে সাইফ হাসান ১৭, তানজিদ হাসান তামিম ২০ এবং অধিনায়ক লিটন দাস ২১ রান করে ফিরলে চাপ বাড়ে। তবে পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচে গতি ফেরান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভার দুজনেই ৫১ রান করেন। অধিনায়ক নিক কেলি করেন ৩৯ এবং জশ ক্লার্কসন ২৭ রান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩২ রানে নেন ২ উইকেট।











































