বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শেয়ার

সুদানে ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৩


sudan

ছবি: সংগৃহীত

সুদানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এল-ওবেইদ শহরে ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জূণ) একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত শুরুর পর থেকে ড্রোন হামলা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশলে পরিণত হয়েছে।

যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের নথিবদ্ধকারী সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানিয়েছে, দক্ষিণ কর্দোফান অঞ্চলের এই শহরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামলা চালানো হয়। ড্রোনগুলো আবাসিক এলাকা, একটি জানাজার জমায়েত এবং খাদ্য সরবরাহকারী একটি ট্রাককে লক্ষ্য করে আঘাত হানে।

সংগঠনটি এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তাদের দাবি, এতে আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং আরএসএফের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উত্তর কর্দোফানের রাজধানী এল-ওবেইদ শহরটি গত কয়েক মাস ধরে আধাসামরিক বাহিনীর আংশিক অবরোধের মধ্যে রয়েছে। হামলার পর প্রত্যক্ষদর্শীরা জানান, বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় আল-মাতার এলাকার এক বাসিন্দা বলেন, “বাসিন্দাদের ওপরই ঘরের ছাদ ভেঙে পড়েছে।”

আরেকজন জানান, তার চাচাতো ভাই নিহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে একাধিক মরদেহ আনা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশু ও তাদের মা থাকতে পারেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সুদানে চলমান এই সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে বিবেচিত।