শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শেয়ার

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বড় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট


city hospital

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আজ বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার জানান, আগুনটি হাসপাতালের বেজমেন্টে সীমাবদ্ধ রয়েছে এবং ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণও এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, রাত ৯টা ৪০ মিনিটে আগুন লাগার প্রথম খবর পাওয়া যায়। এরপর খুলনা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট মোতায়েন করা হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট পাঠানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ তলা বিশিষ্ট হাসপাতালটির নিচতলার জেনারেটর কক্ষ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে রোগী, স্বজন এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতা করছেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলমান রয়েছে।