
অভিনেতা আবদুন নূর সজল
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় দারুণ সাড়া জাগানো এ সময়ের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল একজন ঘোর ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবলের এই মহোৎসবে নিজের প্রিয় দল এবং ব্যক্তিগত নানা ভাবনা ও আবেগ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তার সঙ্গে কথা বলেছেন সোহানুর রহমান সোহাগ
এই বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করছেন?
আমি মনে-প্রাণে ব্রাজিল দলকে সমর্থন করি। ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ে পড়েছি ব্রাজিল ফুটবলের রাজা। মূলত ফুটবল সম্রাট পেলের ইতিহাস জেনেই ব্রাজিলের প্রতি আমার এই আজীবন আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে।
এবারের আসরে কোন কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে?
এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মাঠের পারফরম্যান্স ও স্কোয়াডের গভীরতা বিবেচনা করলে আমার কাছে ফ্রান্স এবং স্পেনকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। দল দুটির প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় থাকায় এই দুটি দলই এখন সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ।
আপনার বিশ্লেষণ অনুযায়ী এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারে কে?
ফুটবল খেলায় আসলে আগে থেকে নিশ্চিত করে কোনো মন্তব্য করা কঠিন, কারণ যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। তবে দলগুলোর বর্তমান শক্তি, মাঠের কৌশল এবং খেলোয়াড়দের ফর্ম বিবেচনা করলে আমার মনে হয়, এবার ফ্রান্স কিংবা স্পেনের মধ্য থেকেই কেউ একজন বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে।
আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলার কে?
লিওনেল মেসি। মেসিকে আসলে ফুটবলের সত্যিকারের জাদুকর বলা যায়। মাঠে তাঁর জাদুকরী বল নিয়ন্ত্রণ, অবিশ্বাস্য ড্রিবলিং এবং খেলার চমৎকার নান্দনিকতা আমার ভীষণ পছন্দের। তাঁর খেলা দেখার মধ্যে অন্যরকম এক চোখের শান্তি আছে।
সুযোগ পেলে কোন ফুটবলারের সঙ্গে দেখা করতে চাইবেন এবং তাকে কী প্রশ্ন করতেন?
অবশ্যই লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চাইব, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তাঁর মুখোমুখি হওয়ার সুযোগ পেলে আমার খুব জানার ইচ্ছে মাঠের তীব্র চাপ ও প্রতিপক্ষের কঠিন ডিফেন্সের মধ্যেও তিনি কীভাবে এত সুন্দর, শান্ত ও পরিচ্ছন্নভাবে ফুটবল খেলেন! এই জাদুর রহস্যটা আসলে কী, সেটাই জানতে চাইতাম।
বিশ্বকাপের কোন স্মরণীয় ম্যাচটি আজও আপনার মনে গেঁথে আছে?
অবশ্যই ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি, যা ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। টানটান উত্তেজনা ও রোমাঞ্চে ভরা সেই ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে আমার মনে চিরকাল গেঁথে থাকবে।
খেলা দেখার সময় আপনি কি আবেগপ্রবণ হয়ে পড়েন?
হ্যাঁ, কিছুটা তো বটেই। পর্দার সামনে যখন খেলা দেখতে বসি, তখন নিজের অভিনেতা সত্তা একদম ভুলে যাই। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, গোল মিস হওয়া কিংবা টানটান উত্তেজনার মুহূর্তে আর দশজন সাধারণ ফুটবলপ্রেমীর মতোই আমার বুকেও সমান উত্তেজনা ও আবেগ কাজ করে।
একদিনের জন্য কোনো দলের কোচ হওয়ার সুযোগ পেলে কোন দলের দায়িত্ব নিতেন?
আমি অবশ্যই ব্রাজিলের দায়িত্ব নিতাম। কারণ আমার মনে হয়, বর্তমান ব্রাজিলের খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়ার কিছুটা ঘাটতি রয়েছে; খেলায় যেন সবাই নিজের মতো করে একা একা খেলছে। তাদের চিরচেনা সেই পাসিং ফুটবল ও দলগত সমন্বয়টুকু যদি নতুন করে ঠিক করে দেওয়া যায়, তবে ব্রাজিলের জন্য যেকোনো বড় ম্যাচে জয় পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে।











































