
বাজেট ২০২৬-২৭
প্রথমবারের মতো জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা তিনটায় তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট এটি।
এবারের বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেকর্ড ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার নিট ঘাটতি রাখা হয়েছে। সাধারণ করদাতাদের স্বস্তি দিতে পাঁচ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষা ও নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়ে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে এ বাজেটে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরানো এবং দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যও তুলে ধরা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।










































