সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

গণভোট-জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই কাজ করছে এবং জুলাই সনদের সব শর্ত বাস্তবায়ন করা হবে।

সোমবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। জনগণ এসব মিথ্যাচার বুঝে গেছে এবং বিএনপির পাশেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যশোর সফরে প্রধানমন্ত্রী উলাশী খালের পুনঃখনন কাজ এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পানি নিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলকে আরও শক্তিশালী করা হবে।

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানো হবে, এলপিজি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের জন্য কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং শিল্পকারখানা পুনরায় চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প স্থাপন ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।