
প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সরকারি সফরে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আকাশপথে যশোর পৌঁছাবেন। যশোরে পৌঁছে তিনি প্রথমে শার্শা উপজেলার ‘উলশী খাল খনন’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেলে তিনি দীর্ঘ প্রতীক্ষিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, জনসভাটি সফল করতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাতে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে এটি যশোরে তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম যশোর সফর।











































