
সংগৃহীত ছবি
বলিউডের অ্যান্টি-হিরো চরিত্রের ধারা বদলে দেওয়া আলোচিত সিনেমা ‘খলনায়ক’ ফিরছে নতুন রূপে। ১৯৯৩ সালের সুপারহিট এই ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘খলনায়ক রিটার্নস’। ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
অভিনেতা সঞ্জয় দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে লেখেন, “কিছু গল্প শেষ হয় না… সেগুলো নতুন করে শুরু হয়। খলনায়ক রিটার্নস।” তাঁর এই ঘোষণার পর পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
ফার্স্ট লুকে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘খলনায়ক হুঁ ম্যায়’-এর আবহসংগীত, যা দর্শকদের মনে নস্টালজিয়া ফিরিয়ে এনেছে।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘খলনায়ক’ পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। সিনেমাটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। অপরাধী বাল্লু, তাকে ধরতে মরিয়া পুলিশ কর্মকর্তা রাম এবং ছদ্মবেশী গঙ্গাকে ঘিরে গড়ে ওঠা গল্পটি সে সময় দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছিল।
ছবিটি শুধু জনপ্রিয়তাই পায়নি, বরং সে সময়ের অন্যতম সর্বোচ্চ আয়কারী ব্লকবাস্টারেও পরিণত হয়েছিল। বিশেষ করে সঞ্জয় দত্ত অভিনীত ‘বাল্লু’ চরিত্রটি বলিউডে সফল অ্যান্টি-হিরো চরিত্রের নতুন মানদণ্ড তৈরি করে।
এদিকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ ও ‘খলনায়ক হুঁ ম্যায়’ গান দুটি আজও সমান জনপ্রিয়।
৩৩ বছর পর নতুন প্রেক্ষাপটে ‘বাল্লু’ কীভাবে ফিরবেন, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল।












































