
ফাইল ছবি
দেশের পাঁচ বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাতের প্রবল সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানা গেছে।
রোববার (২৬ এপ্রিল) দেওয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। মেঘলা আকাশ ও ঝোড়ো হাওয়ার প্রভাবে সারা দেশে রাতের তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঝড় ও বৃষ্টির এই সতর্ককালীন সময়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








































