মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা


dhaka-earthquake

ছবি: সংগৃহীত

সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ঘুমন্ত শহর জেগে ওঠার মুহূর্তে হঠাৎ এই কম্পনে অনেক বাসিন্দার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থা ‘আর্থকোয়াক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের খুব কাছে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার। অধিক গভীরতার কারণে কম্পনের মাত্রা ৫.১ হলেও এর তীব্রতা খুব বেশি অনুভূত হয়নি।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়। রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারা এটি বেশি টের পেয়েছেন। তবে মৃদু মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূ-তত্ত্ববিদরা জানিয়েছেন, বাংলাদেশ সরাসরি প্রধান কোনো চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার এবং উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটোনিক অবস্থানের কারণে এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। প্রতিবেশী দেশগুলোতে বড় কোনো কম্পন হলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে। আজকের এই কম্পনটি সেই ভূ-প্রাকৃতিক অস্থিরতারই একটি অংশ।

এর আগে গত কয়েক মাসে ছোট-বড় বেশ কিছু মৃদু কম্পন অনুভূত হয়েছে দেশে, যা বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।