
বিডিওএএ দেশের একটি শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞান প্রচারদ্যোগ, যা দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপকভাবে সমাদৃত ।। ফাইল ছবি
বাংলাদেশ অলিম্পিয়াড অন এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স (বিডিওএএ) ২০২৬-এর বহুল প্রতীক্ষিত জাতীয় পর্বের পর্দা উঠছে ১৮ এপ্রিল, শনিবার। এ আয়োজনকে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা ক্ষুদে জ্যোতির্বিদদের সর্ববৃহৎ মিলনমেলা হিসেবে অভিহিত করা হয়।
শনিবার রাজধানী ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব আয়োজিত হবে। জাতীয় পর্বে অফলাইন ও অনলাইন আঞ্চলিক রাউন্ড হতে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে এবং জ্যোতির্বিজ্ঞানে তাদের দক্ষতা ও সৃজনশীলতা উপস্থাপন করবে। এই পর্বটি অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে তারা তাদের নিজেদের প্রস্তুতি ও জ্ঞানকে আরও পরিপূর্ণভাবে তুলে ধরতে পারবে।
বিডিওএএ দেশের একটি শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞান প্রচারদ্যোগ, যা দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপকভাবে সমাদৃত। এটি বাংলাদেশের প্রথম কম্পিউটেশনাল ও পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (সিএএসএসএ)-এর অধীনে পরিচালিত হয়ে থাকে। এই অলিম্পিয়াডের লক্ষ্য হলো বাংলাদেশ জুড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানে বৈজ্ঞানিক কৌতূহল ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার প্রসার ঘটানো।

এবছর তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডটি আয়োজন করা হচ্ছে–
জুনিয়র: ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি
সিনিয়র: দশম শ্রেণি থেকে এইচএসসি ২০২৬
ওপেন: এইচএসসি ২০২২ থেকে এইচএসসি ২০২৫
বিডিওএএ ২০২৬ এর কার্যক্রম শুরু হয় আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে। গত বছরের ১২ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, দিনাজপুর ও টাঙ্গাইল – এ সাতটি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় রিজিওনাল রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানতিয়াসী শিক্ষার্থীরা এ পর্বে যোগ দেয়। রিজিওনাল রাউন্ডের বিজয়ীরা আগামী শনিবারে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
রিজিওনাল রাউন্ডের পাশাপাশি আগ্রহি সবার অংশগ্রহণ নিশ্চিতকরণে আয়োজন করা হয় অনলাইন ই-রিজিওনাল রাউন্ড। গেলো ৮ মার্চ আয়োজিত এ পর্বের মধ্য দিয়ে আরও বড় পরিসরে শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডের সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। এ পর্বে বিজয়ীরাও জাতীয় পর্বে নিজেদের জ্যোতির্বৈজ্ঞানিক দক্ষতা উপস্থাপনের সুযোগ পাবে। এ পর্ব আয়োজনে বিডিওএএ’র পাশে ছিল গণিতযজ্ঞ প্লাটফর্ম।
অলিম্পিয়াড ছাড়াও এবছরের বিশেষ আয়োজন ছিল জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পোস্টার বানানোর প্রতিযোগিতা ন্যাশনাল এস্ট্রো পোস্টার মেকিং কমপিটিশান ২০২৬। অন্যান্য রিজিওনাল রাউন্ড চলাকালীন সময়ে এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনলাইনে চলমান ছিল। প্রাথমিক পর্বে উত্তীর্ণরা জাতীয় পর্বের আসরে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সামনে তাদের কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে একটি ক্যাম্প করা হবে, যেখান থেকে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স (আইওএএ)-এ যাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম। আইওএএ-র এবারের আসর সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বছরই আমাদের দেশের শিক্ষার্থীরা এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য পুরস্কার ও গৌরব নিয়ে আসে।
বাংলাদেশ অলিম্পিয়াড অন এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স (বিডিওএএ)-এর প্রতিটি পর্বের শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও অন্যান্য অনেক পুরস্কার দিয়ে ভবিষ্যতেও জ্যোতির্বিজ্ঞান চর্চা চালিয়ে যেতে উৎসাহিত করে।
এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলা টেলিগ্রাফ।






































