
ফাইল ছবি
ওমান সাগরে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ জব্দ হওয়ার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাম্প্রতিক যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাহাজটি ও এর নাবিকদের ‘তাৎক্ষণিক মুক্তি’র দাবি জানিয়েছে।
ইরানি জাহাজটি জব্দ করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ওই জাহাজের নাবিকরা ‘ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা’ করেছিলেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে ‘ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ’ দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’ জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
এর আগে একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেবে না।











































