
প্রথম ওয়ানডেতে ২৬ রানের হতাশাজনক হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ৮৭ বল হাতে রেখেই সহজ জয় তুলে নিয়ে সিরিজ জমিয়ে তুলেছে স্বাগতিকরা।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হাসান, এরপর দ্রুত বিদায় নেন সৌম্য সরকারও। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ১১০ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ তামিম ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে শান্ত ৫০ রান করে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হলেও দলের জয়ের ভিত গড়ে দেন।
পরে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাকি কাজ শেষ করেন। হৃদয় অপরাজিত ৩০ এবং মিরাজ অপরাজিত ৮ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে বল হাতে বাংলাদেশের জয়ের পথ তৈরি করে দেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিংয়ে তিনি ৫ উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের হয়ে জাইডেন লিনক্স নেন ২ উইকেট।
এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে এখন শিরোপা নির্ধারণী মহারণে পরিণত হয়েছে।












































