বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা


Bangladesh-team

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে চার বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। একই সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কাজী নুরুল হাসান সোহান।

আগামী ৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১১ জুন এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া। অন্যদিকে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে।

নিউজিল্যান্ড সিরিজে দলে না থাকা কাজী নুরুল হাসান সোহানও ফিরেছেন স্কোয়াডে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলে রয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার মতো পরিচিত মুখ।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।